ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ও নির্বাচনি ব্যবস্থার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানা উদ্বেগ তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।
মাহ্দী আমিন অভিযোগ করেন, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মে উঠে এসেছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপির ক্রমবর্ধমান জনসমর্থনের মুখে রাজনৈতিক প্রতিপক্ষ সুস্থ প্রতিযোগিতার পথ ছেড়ে অপতথ্য ও ব্যক্তিগত আক্রমণের কৌশল নিয়েছে বলে দাবি করেন তিনি।
নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষক এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের মোতায়নের সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ জানায় বিএনপি।
মাহ্দী আমিন জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ৮১টি স্থানীয় সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে মাত্র ১৬টি সংস্থার অধীনে রয়েছে ৩৪ হাজারের বেশি পর্যবেক্ষক। তাঁর অভিযোগ, কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন, যা নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি দাবি করেন, নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এসব পর্যবেক্ষকের একটি অংশকে ব্যবহার করা হতে পারে। এ কারণে পর্যবেক্ষকদের পূর্ণ তালিকা যাচাই করে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাদ দেওয়া এবং কোনো কেন্দ্রে একসঙ্গে দুইজনের বেশি স্থানীয় পর্যবেক্ষক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায় বিএনপি।
বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনী দায়িত্বে মোতায়ন প্রসঙ্গে তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক ক্যাডেট কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। ফলে তাদের নির্বাচনে যুক্ত করা হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ভিশন-২০৩০, ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব তারই ধারাবাহিকতা। আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।