গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা আজ। সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে রাজবাড়ি মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা।
১১ দলীয় জোটের নেতা-কর্মীরা জানান, ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গাজীপুরের ৫টি আসনের ১১ দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বেলা আড়াইটার দিকে জামায়াতের আমির হেলিকপ্টারে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে নামার কথা রয়েছে।
সমাবেশস্থলে আগত নেতাকর্মীরা ইসলামি সংগীত শুনে সময় পার করছেন। ইতোমধ্যে নারী কর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন। শহরের রেলগেট থেকে সমাবেশস্থল পর্যন্ত তাদের নিজেদের স্বেচ্ছাসেবকরা অবস্থান নিয়ে রেখেছেন।
গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, সমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এবারের সমাবেশে বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নারী কর্মীরা উপস্থিত হবেন। সম্মানিত আমির আড়াইটার দিকে সমাবেশস্থলে উপস্থিত থাকবেন।