আন্তর্জাতিক

এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

মার্কিন কংগ্রেসকে অবমাননার অভিযোগে ক্লিনটন দম্পতিকে অভিযুক্ত করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটির কয়েক দিন আগে এ ঘোষণা এল।

কংগ্রেসের হাউজ নজরদারি কমিটির তলব সত্ত্বেও এর আগে ক্লিনটন দম্পতি সাড়া দেননি। এ নিয়ে কয়েকমাস ধরে অচলাবস্থা চলার পর অবশেষ কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হলেন তারা।

বিল ক্লিনটন ২০১৯ সালে কারাগারে মারা যাওয়া এপস্টিনের সাথে পরিচিত ছিলেন। কিন্তু তিনি এপস্টিনের যৌন অপরাধের বিষয়ে জ্ঞাত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, তিনি দুই দশক আগে এপস্টিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন।

সাক্ষ্য গ্রহণ কখন অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয়। তবে ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এটিই হবে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের কংগ্রেসের প্যানেলে সাক্ষ্য প্রদান।

সোমবার রাতে বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, ক্লিনটন দম্পতি প্যানেলের সামনে উপস্থিত হবেন।

তবে তিনি হাউস নজরদারি কমিটির কঠোর সমালোচনা করে লিখেছেন, ক্লিনটন দম্পতি ‘সরল বিশ্বাসে’ আলোচনা করলেও কমিটি তা করেনি।