বিনোদন

শাকিব খানের সঙ্গে কখনো প্রেমের সম্পর্ক ছিল না: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকের মনেই প্রশ্ন ছিল—শাকিব খানের সঙ্গে কি ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল ফারিয়ার? 

অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বিষয়টি অস্বীকার করেন। অভিনেত্রীর ভাষ্য, শাকিব খানের সঙ্গে তার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। 

ফারিয়া বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি। সবটাই কাজের জায়গা থেকেই।” 

‘শাহেনশাহ’ মুক্তির পর শাকিব খান ও নুসরাত ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। এরপর কেন আর জুটি হননি? এমন প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, “এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি একবার শাকিব খানকেও বলেছিলাম। উনি বলেছিল, ‘আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’ এখন উনি নতুনদের সঙ্গে কাজ করছেন। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।”