প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও মির্জা ফখরুল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের মুখপাত্র রাশেদ প্রধান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “ফখরুল সাহেবকে বিনয়ের সঙ্গে বলতে চাই—আল্লাহর ওয়াস্তে সংলগ্ন কথাবার্তা বলুন। কার বিষয়ে কি বলছেন, বুঝে বলুন। অনেকে বলে, মির্জা ফখরুল প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। অনেকে এও বলে, মির্জা ফখরুলের বাবা নাকি ওই সময়ের বিখ্যাত রাজাকার ছিলেন।”
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেনকে নিয়ে তিনি বলেন, “দেলোয়ার হোসেন উড়ে এসে জুড়ে বসেনি। তার জীবনের পাঁচ বছরের বেশি সময় জেল খানার অন্ধকার কক্ষে কেটেছে। রিমান্ডের নামে টানা ৫০ দিনেরও বেশি সময় অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই দেলোয়ার ভাই আপনাদের সামনে এসেছে, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এসেছে। ঠাকুরগাঁও-১ আসনে দেলোয়ার ভাইকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দেব।”