বিনোদন

তারকাদের বাড়ির বাইরে গুলিবর্ষণের যত ঘটনা

কয়েক দিন আগে নির্মাতা রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনার পর বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বলিউড তারকাদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা একাধিক ঘটেছে। এ তালিকায়—অভিনেতা, পরিচালক, গায়ক, সোশ্যাল মিডিয়া তারকাও রয়েছেন। চলুন জেনে নিই, কোন কোন তারকা এমন ঘটনার শিকার হয়েছেন—

সালমান খান বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তার সঙ্গে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৪ এপ্রিল। এদিন মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। গভীর রাতে বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সালমান খানের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়।  

দিশা পাটানি এ তালিকায় বলিউড অভিনেত্রী দিশা পাটানিও রয়েছেন। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বেরিলিতে দিশা পাটানির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রায় ৮–১০ রাউন্ড গুলি চালানো হয়। এই হামলার পেছনে গোল্ডি ব্রার গ্যাং জড়িত ছিল, যা দিশার বোনের সঙ্গে যুক্ত কোনো বিবাদের ফসল। এ ঘটনা প্রমাণ করে মুম্বাইয়ের বাইরে বসবাসরত তারকাদের পরিবারও নিরাপদ নয়।

এলভিশ যাদব  ‘বিগ বস ওটিটি টু’ বিজয়ী ইউটিউবার এলভিশ যাদব। এই তারকাও বিপদের মুখে পড়েছিলেন। ২০২৫ সালের ১৭ আগস্ট, গুরুগ্রামে তার বাড়িতে ২৪ রাউন্ডের বেশি গুলি চালানো হয়। মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি এসে এ ঘটনা ঘটায়। ভাগ্যক্রমে, এলভিশ তখন বাড়িতে ছিলেন না। তবে তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ছিলেন। যদিও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে দ্য বহু গ্যাং এ ঘটনার দায় স্বীকার করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কঙ্গনা রাণৌত বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রাণৌত। স্পষ্ট ও বিতর্কিত মন্তব্যের কারণে তার বিশেষ পরিচিতি রয়েছে। এ অভিনেত্রীর বাসভবনের বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২০ সালের আগস্টে মধ্যরাতে হিমাচল প্রদেশের মানালির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। যদিও কেউ আহত হননি। তবু এ ঘটনা আশঙ্কা বাড়ায় যে, স্পষ্টভাষী তারকারা বেশি ঝুঁকিতে রয়েছেন।

এপি ধিলন ২০২৪ সালের সেপ্টেম্বরে কানাডায় পাঞ্জাবি গায়ক এপি ধিলনের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সহযোগী এ ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করেন তদন্তকারীরা। বলিউডের সঙ্গে গায়কের যোগাযোগের কারণে এই হামলা হয়েছে। এ ঘটনায় অভিজিৎ কিংরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। 

কপিল শর্মা  ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। তার মালিকানাধীন একটি রেস্তোরাঁ কানাডায় রয়েছে। গত বছরের ১০ জুলাই সেই রেস্তোরাঁর বাইরে গুলি চালানো হয়। একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে গুলি চালায় এক ব্যক্তি। পরবর্তীতে কানাডিয়ান পুলিশ গাড়ির সূত্র ধরে ওই ব্যক্তিকে শনাক্ত করে। এই শুটারের নাম মানসিং সেখন। হামলা চালিয়ে ভারতে ফিরে যান মানসিং। ভারতে ফেরার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেখন গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য।

*ইন্ডিয়া ডটকম, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে