সারা বাংলা

জিয়া পরিবার নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাদের হাত ধরেই নারীরা ঘরের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের গোকুলনগর পানমোকাম এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “এক সময় আমাদের দেশের মেয়েরা শুধু ঘরের কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্বামী ও পরিবারের কাছে অনেক সময় তারা অবহেলিত ও নির্যাতিত হতো। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনে নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়ে তাদের মর্যাদার আসনে বসিয়েছেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই ধারা আরো শক্তিশালী করেছেন।”

তিনি আরো বলেন, “বিএনপির সরকারই প্রথম নারীদের জন্য উপবৃত্তি, চাকরিতে কোটা, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছিল। মেয়েরা যেন ছেলেদের পাশাপাশি সমানভাবে এগিয়ে যেতে পারে- সে ব্যবস্থা করেছে বিএনপি।”

বিএনপির এই নেতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “গত ১৭ বছর দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্র ধ্বংস করে মানুষের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল। এবার মানুষ ধানের শীষে ভোট দিয়ে সেই অন্যায়ের জবাব দেবে।”

পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে নাটোরের মানুষ বিপুল ভোটে বিএনপি প্রার্থীকে জয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করবে।