দেশব্যাপী ডিজিটাল আর্থিক সেবাকে আরো নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে পূবালী ব্যাংক পিএলসি ও বিকাশের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় সারা দেশের বিকাশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের জন্য ২৪ ঘণ্টাব্যাপী স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করা হচ্ছে।
চুক্তির ফলে পূবালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী বিকাশের এজেন্ট ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক সার্বক্ষণিক স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নির্বিঘ্ন অর্থ স্থানান্তর, তাৎক্ষণিক সেটেলমেন্ট এবং উন্নত তারল্য ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ফলে প্রচলিত ব্যাংকিং সময়সীমার বাইরে গিয়েও অংশীদাররা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও দ্রুত, সহজ ও দক্ষভাবে পরিচালনা করতে পারবেন।
সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির।
চুক্তিতে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম এবং বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগির।
এছাড়া, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব ট্রেজারি আহমেদ আশরাফ শরীফ, পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান ও সিটিও ইন্দ্রমোহন সূত্রধর, মহাব্যবস্থাপক ও আইসিটি অপারেশন ডিভিশনের প্রধান মো. হেলাল উদ্দিনসহ আরো অনেকে।
এই উদ্যোগের মাধ্যমে পূবালী ব্যাংক পিএলসি তাদের বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা কাজে লাগিয়ে ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরো সম্প্রসারণ করছে। একই সঙ্গে এটি দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা এবং অংশীদারদের জন্য নিরাপদ, সহজলভ্য ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।