সারা বাংলা

নারায়ণগঞ্জে শামীম ওসমানকে উদ্দেশ্যে করে বক্তব্য রাখলেন জামায়াত সেক্রেটারি

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে উদ্দেশ্যে করে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

জামায়াতের এ নেতা শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে বলেন, “এই নারায়ণগঞ্জ নানা কারণে আলোচিত-সমালোচিত। এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একজন গডফাদার, তিনি নিজেকে অত্যন্ত সাহসী, নির্ভীক ও লৌহমানব বলে দাবি করতেন। উনি লিখে রেখেছিলেন- জামায়াতে ইসলামীর নেতাদের এই নারায়ণগঞ্জে প্রবেশ নিষেধ। আমি এই রাস্তা দিয়ে যেতাম, আসতাম আর এই সাইনবোর্ডটা দেখতাম।”

“আজকেও আসার পথে স্মরণ করছিলাম। এইখানে জামায়াতে ইসলামী নিষিদ্ধ, আসতে পারবে না এই শহরে। কিন্তু আল্লাহ’র হুকুম তারা মনে রাখে না। মানুষের কোনো ইচ্ছাই পূরণ হয় না, যতক্ষণ আল্লাহ তাআলা পূরণ না করেন। উনি (শামীম ওসমান) ইচ্ছা করেছিলেন, জামায়াতকে এখানে ঢুকতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা জামায়াতকেই প্রবেশাধিকার দিয়ে, তাকেই ঢোকা নিষেধ করে দিয়েছে।”

গোলাম পরওয়ার আরো বলেন, “ওনাদের নেত্রীও এই রকম ভাবতেন। বিস্ময়কর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অত্যন্ত লজ্জাজনকভাবে কাপুরুষের মতো এদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। এইখান থেকে জামায়াতে ইসলামীকেও অনেক কিছু শেখার আছে। জামায়াত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগেরও শেখার আছে। কখনো দম্ভ, অহংকার, আক্রোশে নিজেকে বেপরোয়া মনে করতে হয় না। অসীম ক্ষমতায় অহংকারী হয়ে ভিন্ন মতের ওপর দমন-পীড়ন করতে হয় না। করলে কী রকম পরিণতি হয় তা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা নেওয়ার দরকার আছে।”

এ জনসভায় নারায়ণগঞ্জের পাঁচটি আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।