সারা বাংলা

বগুড়ায় বিদেশি রিভলবার ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ১৫ রাউন্ড গুলি ও বিদেশি রিভলবার এবং একাধিক দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিক হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত উপজেলার সাবরুল এলাকার বাগিনাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আতিক হাসান ওই এলাকার বাসিন্দা এবং শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সন্ত্রাসী নুরুজ্জামান নুরু বাহিনীর সক্রিয় সদস্য তিনি।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বাগিনাপাড়ায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

পরে তার কাছে মজুদকৃত ১টি ব্রিটিশ বুলডগ মডেলের ৯ এমএম রিভলবার, ১৫ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগাজিন ও ১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক স্বীকার করেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরুর।

বগুড়া সেনানিবাসের ৪০ বীর ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমাল জানান, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই নুরু বাহিনীর সদস্যরা এই অস্ত্রগুলো মজুদ করেছিল। উদ্ধারের সময় রিভলবারের ভেতর ৪টি গুলি লোড করা ছিল। আতিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।