বিনোদন

‘অবিশ্বাসের দেশে’

জীবনমুখী ধারার নতুন মৌলিক গান ‘অবিশ্বাসের দেশে’ প্রকাশ পেয়েছে। স্থপতি এনামুল করিম নির্ঝরের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী অটমনাল মুন। গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান। 

গানচিত্রটি প্রকাশিত হয়েছে নির্ঝরের একটি বিশেষ গান প্রজেক্টের আওতায়। গানটি প্রকাশ পেয়েছে ‘গানশালা ইকেএনসি’ নামের ইউটিউব চ্যানেলে। ভিডিওতে মেঘাকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব। 

গানটির কথায় উঠে এসেছে সময়ের নানা বাস্তবতা ও সামাজিক অসঙ্গতি। গানের কিছু লাইন এমন—“ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে/ আবোল তাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে/ ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে/ ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে/ অবিশ্বাসের দেশে/ একটা কিছু করে দেখাও খানিক ভালোবেসে/...।” 

এ গান নিয়ে এনামুল করিম নির্ঝর বলেন, “সময়টা এমন হয়ে গেছে যে, কার কথা কে শুনবে, সেটা বোঝা কঠিন। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বুঝে ফেলে। কিন্তু তারা তো আর সেসব ধরিয়ে দিতে পারে না। তখন মনে হলো—বড়দের নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে সেটা হয়তো সবার কানে পৌঁছাবে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। জানি, তাতেও হয়তো কিছু হবে না। কিন্তু চেষ্টা তো করে যেতে হবে। সেই চেষ্টারই ফল মৃন্ময়ী মেঘার কণ্ঠে এই গান।” 

এদিকে, ব্যতিক্রমধর্মী কথার গানটি গেয়ে বড়দের পক্ষ থেকে প্রশংসা পাচ্ছেন মৃন্ময়ী মেঘা। নিজের প্রতিক্রিয়ায় মেঘা বলেন, “নির্ঝর আঙ্কেলের কথা-সুরে ও মুন আঙ্কেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটাও গেয়ে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন, আরো সুন্দর সুন্দর গান গাইতে পারি।” 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশিত হয় ২০২৪ সালে। অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে সে সময় প্রকাশ পায় ‘ভূতের রাজা দিলো বর’। এরপর ২০২৫ সালে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে প্রকাশিত হয় মেঘার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’। এবার প্রকাশ পেল তার তৃতীয় মৌলিক গান ‘অবিশ্বাসের দেশে’।