বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য প্রথমবারের মতো ঢাকা মহানগরসহ সারা দেশে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে সরকার।
‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এ দেওয়া ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে ৩টি এবং চট্টগ্রাম মহানগরে ২টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। ফলে সারা দেশের মহানগর এলাকায় মোট ১১টি বাণিজ্যিক আদালত থাকছে। মহানগরের আদালতগুলোসহ জেলা পর্যায়ের সব আদালত মিলিয়ে দেশে মোট ৭৫টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হলো।
ঢাকায় ৩টি বাণিজ্যিক আদালত ঢাকায় ৩টি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে বাণিজ্যিক আদালত-১ এর আওতাধীন এলাকায় রয়েছে ধানমন্ডি থানা, আদাবর, শাহ আলী, মিরপুর মডেল, পল্লবী, দারুস সালাম, রূপনগর, উত্তরা পশ্চিম, উত্তরখান, তুরাগ, উত্তরা পূর্ব, দক্ষিণখান, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিমানবন্দর, ভাষানটেক ও কাফরুল থানা।
ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ এর এলাকাগুলোর মধ্যে রয়েছে—মতিঝিল, রমনা, শাহবাগ, গুলশান, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, ডেমরা, যাত্রাবাড়ী, বনানী, খিলক্ষেত, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শাহজাহানপুর থানা।
কোতোয়ালি, শ্যামপুর, চকবাজার, বংশাল, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর, লালবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীচর, হাজারীবাগ, খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও পল্টন থানা ঢাকা মহানগরের বাণিজ্যিক আদালত-৩ এর আওতাধীন থাকবে।
এছাড়া ঢাকা জেলার (মহানগর এলাকা ছাড়া) জন্য আলাদা একটি বাণিজ্যিক আদালত নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রামে দুই বাণিজ্যিক আদালত চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। বাণিজ্যিক আদালত-১ এর এখতিয়ারাধীন এলাকার মধ্যে রয়েছে—কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর ও ডবলমুরিং থানা।
বাণিজ্যিক আদালত-২ এর অধীনে থাকবে চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর ও আকবর শাহ থানা। চট্টগ্রাম জেলার (মহানগর এলাকা ছাড়া) জন্য পৃথক বাণিজ্যিক আদালত থাকছে।
সারা দেশের অন্যান্য বাণিজ্যিক আদালত ঢাকার বাইরে দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ মহানগরে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীতে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।
সিলেট বিভাগে সিলেট জেলা ও মহানগর ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে আদালত গঠন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরে বাণিজ্যিক আদালত থাকছে। রাজশাহী বিভাগে রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ও পাবনায় আদালত স্থাপন করা হয়েছে।
রংপুর বিভাগে রংপুর জেলা ও মহানগর ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বাণিজ্যিক আদালত থাকবে।
খুলনা বিভাগে খুলনা জেলা ও মহানগর ছাড়াও যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় আদালত গঠন করা হয়েছে।
বরিশাল বিভাগে বরিশাল জেলা ও মহানগর ছাড়াও পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।