ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এই গণমাধ্যমে দুই নেতা নির্বাচনি ভাষণ দেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী তারেক রহমানের ভাষণের বিষয়টি রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে তারেক রহমান জাতির উদ্দেশ্যে নির্বাচনি ভাষণ দেবেন।”
তবে ভাষণের সময় পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে দলটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।
ওই ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
ইসির চিঠিতে যা বলা হয়েছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনি প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
বরাদ্দের নিয়মাবলি নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।