খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসী আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিল আফগানিস্তান। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়ে নিজেদের সামর্থ্যের স্পষ্ট বার্তা দিয়েছে তারা।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮২ রান তোলে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত গড়ে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজ খেলেন ২৮ বলে ৪৩ রানের ঝরঝরে ইনিংস। আর জাদরান ৩৪ বলে করেন ৫১ রান। এরপর অবসর নেন জাদরান।

মাঝের ওভারে আক্রমণ আরও বাড়ান আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ১৫ বলে ৩৫ রান করে আফগানিস্তানের ইনিংসে গতি এনে দেন তিনি। দারবিশ রাসুলিও কার্যকর ভূমিকা রেখে যোগ করেন ২৭ রান। শেষদিকে দ্রুত রানের সুবাদে আফগানিস্তান পৌঁছে যায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহে।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে গুডাকেশ মোতি ও রোস্টন চেজ একটি করে উইকেট নিলেও শেষ দিকের ওভারগুলোতে রান আটকাতে ব্যর্থ হন ক্যারিবীয় বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাথিউ ফোর্ড একপ্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করেন। তিনি ২৬ বলে অপরাজিত ৫২ রান করেন। অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন ৩২ রান। আর জেসন হোল্ডার শেষদিকে অপরাজিত ২৫ রান যোগ করেন। তবু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি।

আফগান বোলাররা দলগত নৈপুণ্য দেখান। আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি ও মুজিব উর রহমান সময়মতো উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের গতি থামিয়ে দেন। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৫৯ রানেই থেমে যায় ক্যারিবীয় ইনিংস।