সারা বাংলা

হবিগঞ্জে নির্বাচনে নিরাপত্তা জোরদারে বিজিবি

হবিগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জোরদার অভিযান চালাচ্ছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. তানজিলুর রহমান।

এ সময় বিজিবির আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে তিনি জানান, জেলার চারটি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলায় মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, “জেলার ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শন ও নিরাপত্তা মহড়া চলমান রয়েছে। বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানবিরোধী কার্যক্রমেও বাড়ানো হয়েছে তৎপরতা।”

লেফটেন্যান্ট কর্ণেল তানজিলুর রহমান জানান, ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে জেলা ব্যাটালিয়ন সদর ও ১৬টি বিওপি থেকে পরিচালিত অভিযানে সাতজন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি বলেন, “হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির নজরদারি অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে বিজিবি সর্বদা অটল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।