পবিত্র শবেবরাত উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত উপলক্ষে একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। ফলে সপ্তাহের ৭দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে লোকজন বাংলাদেশ ও ভারতে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাতায়াত করেন। তাই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নাই।