নির্বাচনের পর মানুষের উপর আবার হুমকি-ধামকি আসবে, না কি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে- আসন্ন নির্বাচনে এবার এটা নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম। তিনি বলেন, ‘‘আপনাকে সেখানেই ভোট দিতে হবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। সবাইকে ভালো জায়গাতেই ভোট দিতে হবে।’’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠসংলগ্ন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এ কথা বলেন তিনি।
সারজিস আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘‘যে জায়গায় ভোট দিলে মানুষের উপর জুলুম হবে না, অত্যাচার, হুমকি ও ভয় দেখাবে না, সেই জায়গায় ভোট দিতে হবে। তবে আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন। কিন্তু আমি আপনাদের এটা বলবো- বিশেষ করে সনাতনী ভাই বোনরা যারা আছেন, আপনি শুধু চিন্তা করেন বিগত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা পঞ্চগড়ে চাঁদাবাজি, সিন্ডিকেট, হুমকিসহ বিভিন্ন কাজ করেছে। এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করে তাহলে আমাদেরও ভোট দিতে হবে না। আর যদি তাদের নেতাকর্মীরা করে তাহলে তাদের বয়কট করতে হবে।’’
সারজিস আরও বলেন, ‘‘এমপি-মন্ত্রীরা জেলার বাইরে থাকে। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হয়। আর এখানে আপনারা থাকবেন জেলার নেতাকর্মীদের সাথে। আর এই জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যে সকল নেতাকর্মীর এমপি-মন্ত্রীর সাথে যোগাযোগ থাকবে তারা যদি ভালো না হয়, তাহলে এই জেলার মানুষ কি ভালো থাকবে? খুব পরিষ্কার কথা- আপনার সেখানেই ভোট দিতে হবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।’’