সারা বাংলা

ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি, ৩ দিনেও নেই আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনায় ৩ দিনেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি চুরি হওয়া সিসি ক্যামেরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, “জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

এর আগে, গত সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ২৯ জানুয়ারি বিকেল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান। এরপর টানা তিনদিন স্কুল বন্ধ ছিল। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, “বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে বাড়ি চলে যাই। তিনদিন পর সোমবার এসে দেখি, ভোটের জন্য লাগানো দুইটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।”

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচন যেন সুষ্ঠু না হয়, সে জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, “যারা নির্বাচনে কারচুপি করতে চায় কিংবা ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”

লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “বিষয়টি জেনেছি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”