বিনোদন

এপস্টেইন ফাইলে নাম, নীরবতা ভাঙলেন অনুরাগ কাশ্যপ

সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এপস্টেইন ফাইল। মার্কিন যুক্তরাষ্টের দণ্ডিত যৌন অপরাধী ও প্রয়াত জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত নথি, ছবি ও ভিডিও নিয়ে তৈরি এই ফাইলে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে।  

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে বলিউডের বিতর্কিত পরিচালক অনুরাগ কাশ্যপের নামও এসেছে। এপস্টেইনকে পাঠানো একাধিক ই–মেইলে তার নাম পাওয়া গেছে। ই-মেইলে অনুরাগকে ‘বলিউডের লোক’ এবং ‘বিখ্যাত বলিউড পরিচালক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালে বেইজিংয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যে অনুষ্ঠানের সঙ্গে এপস্টেইনের সম্পৃক্ততা ছিল। 

এপস্টেইন ফাইলে অনুরাগের নাম আসার ঘটনা নিয়ে চর্চা চলছে। প্রশ্ন উঠেছে, এই অনুষ্ঠানে সত্যি কি উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ? এ পরিস্থিতিতে অনুরাগ কাশ্যপের সঙ্গে যোগাযোগ করে হিন্দুস্তান টাইমস সিটি। এ আলাপচারিতায় অনুরাগ কাশ্যপ বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। বক্তা হিসেবে প্রতি মাসে প্রায় ১৫টি আমন্ত্রণ পাই। এসব আমন্ত্রণের খুব কমই জবাব দিই। আমি জীবনে কখনো বেইজিং যাইনি!” 

যে ই-মেইলে অনুরাগের নাম পাওয়া গিয়েছে, সেটি এলোমেলো। এ তথ্য উল্লেখ করে এই নির্মাতা বলেন, “ই-মেইলটি একেবারে এলোমেলো ছিল, যা নিজেই সব ব্যাখ্যা দেয়। আমার নাম দিয়ে ক্লিকবাইট আমার সিনেমার চেয়েও বেশি জনপ্রিয়।” 

অনুরাগ কাশ্যপই নন, এপস্টেইনের নথিতে চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নামও রয়েছে। তারকাদের মধ্যে রয়েছেন—মাইকেল জ্যাকসন, অভিনেত্রী-গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগার প্রমুখ।