রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিভিন্ন হল সংসদের নবনির্বাচিত একাধিক প্রতিনিধিও বিএনপি ও ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।” 

তিনি জানান, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন এমনটি উল্লেখ করেন।

জিতু দাবি করেন, বিএনপি দেশের সব ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে ধারণ করে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে দলটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশপন্থি রাজনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তাকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি জানান।

বিএনপির আদর্শ অনুসরণ করে তরুণদের অংশগ্রহণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জাকসু ভিপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “নবনির্বাচিত জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের বিএনপি ও ছাত্রদলে যোগদান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। নতুন প্রজন্মের নেতাদের এই যোগদান দলকে আরো শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক রাজনীতিকে গতিশীল করবে।”

তিনি বলেন, “যারা নতুন করে বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন, তারা ব্যক্তিগত রাজনৈতিক উপলব্ধি ও আদর্শিক বিশ্বাস থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। অতীতে দেশে স্বৈরাচার ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করেছে।” 

রুহুল কবির রিজভী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা এখনো জনগণের মধ্যে অনুপ্রেরণা জোগাচ্ছে। নতুন প্রজন্ম সেই আদর্শকে ধারণ করেই রাজনীতিতে এগিয়ে আসছেন।”