জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র-জনতা। এতে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ইনকিলাব মঞ্চের নেতা আল জাবের আহত খবরে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান থেকে যমুনা অভিমুখে রওনা দেন ঢাকা-৮ আসনের শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। তবে যুমনার সামনে অবস্থান না করে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। হাসপাতাল থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। তার সঙ্গে থাকা এনসিপির নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের আহত নেতাকর্মীদের দেখে শাহবাগের দিকে মিছিল নিয়ে রওনা দেন ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: রাইজিংবিডি।
সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চ এবং এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা সেখানে অবস্থান করছিলেন। ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
ইনকিলাব মঞ্চের কর্মী মো. ইয়াসিন রাইজিংবিডি ডটকমকে বলেছেন, “আমরা হাদি হত্যার বিচার চাইতে এসেছি। কিন্তু, পুলিশ যেভাবে আজকে আমাদের ওপর হামলার করেছে, এটা ন্যক্কারজনক। অন্তর্বর্তী সরকারকে বলব, হাদি হত্যার বিচার নিয়ে যে টালবাহানা করছেন, তা আমরা হতে দেব না। ন্যায্য বিচার নিয়ে এখান থেকে যাব।”
এর আগে বেলা ৩টা ৫০ মিনিটের দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের অন্তত ২৩ জন আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।