মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি) পর্দা উঠতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে সহ-আয়োজক ভারত ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হওয়ার আগে সঙ্গীত, নৃত্য আর আলোর ঝলকানিতে মাতবে পুরো স্টেডিয়াম।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই মঞ্চ কাঁপাবেন ঋষভ শর্মা ও শিবামণি। তাদের সংগীত পরিবেশনা দর্শকদের উত্তেজনায় ভাসিয়ে দেবে শুরুতেই। এর পরই ঘটবে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। জেটপ্যাক পরা এক শিল্পীর মাধ্যমে আকাশপথে স্টেডিয়ামে প্রবেশ করবে বিশ্বকাপের ঝকঝকে ট্রফি।
ট্রফিটিকে স্বাগত জানাবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তাদের সঙ্গে থাকবে অংশগ্রহণকারী ২০টি দেশের প্রতিনিধিত্বকারী ২০ জন শিশু, যাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হবে এবারের বিশ্বকাপের।
এরপর শুরু হবে বিনোদনের মূল পর্ব। জনপ্রিয় র্যাপ শিল্পী বাদশা পরিবেশন করবেন হাই-এনার্জির লাইভ শো। তার পরেই নৃত্যের জাদুতে দর্শকদের মাতাবেন নোরা ফাতেহি। তাকে সঙ্গ দিবে বিশাল নৃত্যদল। শেষ মুহূর্তে দুজন শিল্পী একসঙ্গে হাজির হবেন শেষটা রাঙাতে। যার পর থাকবে চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী।
টি-টোয়েন্টি ক্রিকেটের গতি ও উত্তেজনাকে সামনে রেখে সাজানো এই অনুষ্ঠানেই সূচনা হবে দশম আসরের বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা জুড়ে চার গ্রুপে ভাগ হয়ে ২০ দল লড়বে মোট ৫৫টি ম্যাচে, লক্ষ্য একটাই; বিশ্বসেরা হওয়ার গৌরব।
উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন কেবল ম্যাচের টিকিটধারীরা। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে এই অনন্য আয়োজনের কোনো মুহূর্তই মিস না হয়।