সারা বাংলা

নরসিংদীতে ৬৬৩ কেন্দ্রের মধ্যে ৩৯৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংদী-১ (সদর) আসনে ১৪২ কেন্দ্রের মধ্যে ৯৮টি, নরসিংদী-২ (পলাশ ও সদরের ৩ ইউনিয়ন) আসনে ৯১টির মধ্যে ৩৭টি, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০১টির মধ্যে ৮২টি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ১৬২টির মধ্যে ১১০টি এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১৬৭টির মধ্যে ৬৬ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, অতীতের নির্বাচনি সহিংসতার ইতিহাস, ভোট কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, সংঘাতপ্রবণ এলাকা, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক পরিবেশ বিশ্লেষণ করেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের চেষ্টা চলছে। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা বেশি থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৫০ কেন্দ্রে স্ট্রাইকিং টিমের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন থাকবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন, যাতে পুরো প্রক্রিয়া নজরদারিতে থাকে। 

এবার নরসিংদীর ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন, পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন।

প্রশাসন বলছে, ভোটাররা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।