ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরো ১০ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় আলমগীর মিয়া ওই জমি সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন দাবি করে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।
এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে আলমগীর মিয়ার লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বশির আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বশির মিয়ার ভাতিজি খায়রুন্নেসা বলেন, “দুপুরে বাড়ির সবাই জমিতে কাজ করতে যায়। কিছু বুঝে উঠার আগেই আলমগীর মিয়া তার লোকদের নিয়ে সরকারি জায়গা দখল করতে আসে। বাধা দিলে আমাদের ঘরের সব মেয়েদের নির্যাতন করা হয়। আমার চাচা বাঁচাতে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”
নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”