বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে গেলো হিরোর Glamour X বাইকটি। শুক্রবার হিরো বাংলাদেশ বাইকটি লঞ্চ করে।
১২৫ সিসির এই বাইকে অনেক অত্যাধুনিক ফিচার্স রয়েছে। এই মোটরসাইকেলের সবচেয়ে বড় আকর্ষণ হল ক্রুজ কন্ট্রোল, যা শুধুমাত্র প্রিমিয়াম বাইকগুলোতে দেখা যায়। ব্লুটুথ সংযোগসহ টিএফটি ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, রাইড বাই ওয়্যার এবং ফুল-এলইডি লাইটিংয়ের মতো ফিচার্সও পাবেন এই বাইকে। হিরো গ্ল্যামার এক্স ১২৫ বাইকে পাবেন তিনটি রাইডিং মোড-ইকো, রোড, পাওয়ার, যা রাইডিং স্টাইল ও প্রয়োজন অনুসারে পারফরম্যান্স পরিবর্তন করতে দেয়।
বাইকটির ১২৪ দশমিক ৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সর্বোচ্চ ১০ দশমিক ৭২ হর্সপাওয়ার এবং ১০ দশমিক ৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এতে পাঁচ স্পিড গিয়ারবক্স। বাইকে মিলবে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশন। কালো, নীল ও লাল- এই তিনটি রঙে পাওয়া যাবে বাইকটি।
রমজানের প্রথম সপ্তাহ থেকে এটি শোরুমে পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে, ১ লাখ ৬৬ হাজার টাকা। তবে ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে ১ লাখ ৬৩ হাজার টাকায় বাইকটি পাওয়া যাবে।