আইন ও অপরাধ

যমুনা এলাকায় কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। তবে পুলিশ কোনো গুলি করেনি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন—যা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরো বলা হয়, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে এবং এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (lethal weapon) বা গুলি ব্যবহার করা হয়নি।

ডিএমপি জানায়, ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন। বিষয়টি নিয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।