আন্তর্জাতিক

অনুপ্রবেশ ইস্যুতে এবার মমতাকে নিশানা মোদির 

এবার সংসদে দাঁড়িয়েই অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে খোঁচা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করে তার সরাসরি অভিযোগ, “বিশ্বের উন্নত ও সমৃদ্ধশালী দেশগুলো অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে ফেরত পাঠাচ্ছে। কিন্তু আমাদের দেশে এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপরে চাপ দেওয়া হচ্ছে। যারা এই অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করার জন্য শক্তি প্রয়োগ করছে, আমাদের দেশের নতুন প্রজন্মরা কি এদের ক্ষমা করবেন? এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশের যুবসমাজের অধিকার ছিনিয়ে নিচ্ছে, ওদের রোজগার ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে, মা-বোনদের জীবনের উপর বিপদ তৈরি করছে। ওদের জন্য মা বোনেদের উপর অত্যাচার হয়েই চলেছে। আর এইসব চিন্তাজনক বিষয় নিয়ে ওরা (তৃণমুল) চোখ বন্ধ করে বসে আছে। আর আজকে এখানে তারা আমাদের উপদেশ দিচ্ছে।” 

প্রধানমন্ত্রী ফের বলেন, “আমার তৃণমূলের সংসদ সদস্য বন্ধুরা অনেক কিছু বলেছেন। ওরা এবার একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুক। নির্মম সরকার যতগুলো প্যারামিটার আছে প্রত্যেকটি ক্ষেত্রে তারা নতুন রেকর্ড তৈরি করছে। আর এখানে উপদেশ দিচ্ছে।”

মোদির প্রশ্ন, “কী অবস্থা করে রেখেছে? ওখানকার (বাংলার) মানুষের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, তাতে এই নির্মম সরকারের কোনো চিন্তা নেই। সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই।” 

এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়ায় খসড়া তালিকায় প্রায় ৫৮ লাখ ভুয়া ভোটারের নাম বাদ পড়ার পরেই অনিয়মের অভিযোগে দেশটির শীর্ষ আদালতে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস। এমনকি শীর্ষ আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই ওই মামলার সওয়াল করেছেন। বিজেপির অভিযোগ ছিল রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতেই আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা ব্যানার্জি। আর এবার সেই ইস্যুতে মমতাকে নিশানা মোদির। তবে মুখে মমতা ব্যানার্জির নাম না নিলেও তার নিশানায় ছিল মমতাই।