শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক অফিস সহকারীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত অফিস সহকারী মো. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ডাইনিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত মাসে শেকৃবিতে কর্মচারী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়। মাস্টাররোলে চাকরি দেওয়ার কথা বলে আলতাব নামের এক দিনমজুরের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন জাকির হোসেন। পরে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে আলতাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে কয়েকজন শিক্ষার্থী জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি টাকা আত্মসাতের কথা করেন এবং দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান সাংবাদিকদের বলেছেন, “আলতাব সাহেবের অভিযোগের ভিত্তিতে আমরা কয়েকজন জাকিরকে জিজ্ঞাসাবাদ করি। ঘটনাস্থলে প্রক্টর স্যার উপস্থিত হলে তার মধ্যস্থতায় জাকির হোসেন টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।”
নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ বলেছেন, “আমি জাকিরের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
টাকা ফেরত দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, “বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও জাকির আরো দুই দিন সময় চেয়েছে।”
অভিযুক্তের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”