আন্তর্জাতিক

ওবামাকে বানর হিসেবে দেখানো ভিডিও পোস্ট ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলকে বানর হিসেবে দেখানো হয়েছে। শুক্রবার তার এই পোস্টের পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানের সুরে তৈরি এই ক্লিপটি ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার জালিয়াতির দাবি সম্বলিত ৬২ সেকেন্ডের একটি ভিডিওর শেষাংশে ছিল।

রিপাবলিকান সিনেটর টিম স্কট পোস্টটি সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি ‘হোয়াইট হাউসে আমার দেখা সবচেয়ে বর্ণবাদী ঘটনা।’

এই ক্লিপটি কালো মানুষকে বানরের সাথে তুলনা করে বর্ণবাদী ব্যঙ্গচিত্রের কথা মনে করিয়ে দেয়। গত বছরের অক্টোবরে রক্ষণশীল মিম স্রষ্টা জেরিয়াসের শেয়ার করা একটি পোস্ট থেকে ক্লিপটি নেওয়া বলে মনে হচ্ছে।

ভিডিওটিতে নিউ ইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সহ আরও বেশ কয়েকজন হাই-প্রোফাইল ডেমোক্র্যাটকে পশু হিসেবে দেখানো হয়েছে। হোয়াইট হাউসে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনকেও কলা খাওয়া বানরের চরিত্রে দেখানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় এক্স- এ লিখেছে, “প্রেসিডেন্টের ঘৃণ্য আচরণ। প্রত্যেক রিপাবলিকানকে এর নিন্দা করতে হবে।”