সারা বাংলা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর মৃত্যু

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতানা আফনান (১২) মারা গেছেন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে সে মারা যায়।

নিহত আফনান কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

আফনানের চাচা এরশাদ বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে মারা যায়।”

এর আগে গত ১১ জানুয়ারি সকালে হোয়াইক্যং সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যের তোতারদ্বীপ এলাকায় নিরাপত্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি আফনানকে বিদ্ধ করে। গুলিটি তার কানে লাগে বলে জানিয়েছিল পুলিশ।

ঘটনার পর শিশুটিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। তবে পরে নিশ্চিত করা হয় সে জীবিত। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম ও পরে ঢাকায় পাঠানো হয়।