খেলাধুলা

ভারতের সঙ্গে না খেলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে পাকিস্তান!

বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপ থেকে এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নিরাপত্তাশঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

পাকিস্তান ও ভারত এক দশকের বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। দুই প্রতিবেশী দেশ কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত তারা বিচার বিবেচনা করেই নিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের উদ্দেশ্যে নিয়েছেন। 

তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। সেই আলোচনা এখন চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা। ভারত ও পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা শ্রীলঙ্কাতেই। 

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) । যেহেতু ম্যাচটি শ্রীলঙ্কায় হওয়ার কথা, তাই পর্যটন খাত থেকে বাড়তি আয়ের প্রত্যাশা ছিল দেশটির। কিন্তু ম্যাচটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা চিঠি দিয়েছে।  

টেলিগ্রাফ অনলাইনের খবর, পিসিবি আইসিসির সঙ্গে আলোচনা করেছে। একটি শর্ত দিয়েছে আইসিসিকে। তবে কী সেই শর্ত তা নিশ্চিত হওয়া যায়নি। 

শ্রীলঙ্কার ম্যাচ খেলার অনুরোধের চিঠির জবাবে পিসিবি কর্মকর্তা শ্রীলঙ্কাকে জানিয়েছে, তারা সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। ওই কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি খবর প্রকাশ করেছে, ‘‘নিশ্চিতভাবেই পাকিস্তান সবসময় শ্রীলঙ্কার সঙ্গে খুব ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে এসেছে। তাই শ্রীলঙ্কা বোর্ডের পাঠানো ইমেইলটি এভাবে উপেক্ষা করা যায় না। শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভা সরাসরি মোহসিন নকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই সময়ে শ্রীলঙ্কার জন্য পাকিস্তানের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন। কারণ পাকিস্তান ও ভারতের ম্যাচ না হলে শ্রীলঙ্কা বোর্ড গেট মানি, আতিথেয়তা বিক্রি ইত্যাদি থেকে অতিরিক্ত রাজস্ব হারাবে।” 

পিসিবি সূত্র নিশ্চিত করেছে, পিসিবির সভাপতি নাকভি সরকারের সঙ্গে শ্রীলঙ্কার অনুরোধ নিয়ে আলোচনা করবে। তিনি এটা-ও নিশ্চিত করেছে, গণমাধ্যমে আসা পাকিস্তান শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেছে তা সম্পূর্ণ ভুল।