রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে চার শতাধিক ড্রোন হামলা এবং প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এ তথ্য জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন, “প্রতিদিন রাশিয়া প্রকৃত কূটনীতি বেছে নিতে পারে, কিন্তু তারা নতুন আক্রমণ বেছে নেয়। ত্রিপক্ষীয় আলোচনার সমর্থক প্রত্যেকেরই এর প্রতিক্রিয়া জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের বিরুদ্ধে ঠান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহারের ক্ষমতা থেকে মস্কোকে বঞ্চিত করতে হবে।”
রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের প্রায় চার বছর পর মস্কোর হামলা, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি এবং শীতকালীন আবহাওয়ার কারণে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাত ভেঙে পড়ছে।
মস্কো তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানিয়েছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ইউক্রেনীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মূল ব্যবস্থা- সাবস্টেশন এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ লাইনে হামলা চালানো হয়েছে।
শ্যামিহাল টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “রাশিয়ার অপরাধীরা ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আরো একটি বিশাল আক্রমণ চালিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলেই বিদ্যুৎকর্মীরা মেরামতের কাজ শুরু করতে প্রস্তুত।”