বিনোদন

১০ বছর পর ‘রাক্ষস’ দিয়ে ফিরলেন মাসুদ মহিউদ্দিন

নাটক ও চলচ্চিত্রের নির্মাতা মাসুদ মহিউদ্দিন দীর্ঘদিন পর আবার অভিনয়ে ফিরেছেন। নির্মাণের পাশাপাশি অভিনয়েও সমান দক্ষ এই গুণী নির্মাতা দীর্ঘ ১০ বছর পর নতুন সিনেমা ‘রাক্ষস’ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করলেন।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের চাচার চরিত্রে। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সম্প্রতি শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং শেষ করে দেশে ফিরেছেন মাসুদ মহিউদ্দিন। দেশে ফিরে তিনি জানান, ‘রাক্ষস’-এ তার চরিত্রটি গতানুগতিক নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

মাসুদ মহিউদ্দিন বলেন, “চরিত্রটা গতানুগতিক নয়। পরিচালকের সঙ্গে কথা বলার পর বিষয়টি ভালো লেগেছে। তাই কাজটি করেছি।”

এর আগে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন প্রশংসিত চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’-এ। এরপর দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি।

জানা গেছে, গত ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজনে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায় ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হয়নি।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে বলিউডের একজন পরিচিত মুখ এবং বাংলাদেশের কয়েকজন চমকজাগানিয়া তারকাও যুক্ত হতে পারেন।

‘রাক্ষস’ নির্মিত হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন ব্যানারে। এই প্রোডাকশন হাউজ থেকেই এর আগে নির্মিত হয় আলোচিত সিনেমা ‘বরবাদ’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।