ভারত আন্তর্জাতিক আইন উপেক্ষা করে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “ভারত পানিবণ্টনে এখনো কোনো সুরাহা করেনি। অথচ, আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে—প্রতিবেশী দেশকে ন্যায্য পানির হিস্যা দিতে হবে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের জে আর সেন্টারে লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা যখন ভারতের সঙ্গে আলোচনা করেছি, তখন তারা পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছে। যদি আমরা আমাদের সঠিক পানির হিস্যা পেতাম, তাহলে তিস্তা নদী এভাবে মরে যেত না।”
তিনি আরো বলেন, “বিএনপি ইতোমধ্যে তিস্তা সমস্যা সমাধানে একটি মহাপরিকল্পনার কথা বলেছে। এই মহাপরিকল্পনার আওতায় শুধু পানির প্রবাহ নয়, তিস্তা নদীপারের মানুষের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।”
বইয়ের লেখক আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, “দুলু সৃজনশীল মানুষ। রাজনীতিবিদ হয়েও যে সৃজনশীল হওয়া যায়, তা তার এলাকায় না গেলে বোঝা যাবে না। আমি তার ভক্ত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।