গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে শিশুসন্তানসহ মা জান্নাত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি তাদের লাশ উদ্ধার করেছে।
নিহত জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর তিস্তাগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মা জান্নাত (৩৫) ও ছেলে জুনায়েদের (২) মৃত্যু হয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বামীর সঙ্গে জান্নাতের ঝগড়া হয়। সকালে মা ও শিশু ছেলেকে বাড়ি থেকে বের থেকে দেয় তার স্বামী। স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানসহ মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশকে জানিয়েছে নিহতের পরিবার।’’
নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন দাবি করে বলেন, ‘‘স্বামীর সঙ্গে জান্নাতের শুক্রবার রাতে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাতকে তার স্বামী মারধর করে। খবর পেয়ে আমরা জান্নাতকে আনতে যাই কিন্তু আমাদের কাছে দেয়নি। শনিবার সকালে জান্নাতকে সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যায়। পরে জান্নাত সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।’’
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।