ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২০ ধামরাই আসনে প্রচারণা জোরদার করেছে বিএনপি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ললিতনগর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে দলের নেতারা নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে দাবি করেছেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
উঠান বৈঠকটি আয়োজন করা হয় ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তমিজ উদ্দিনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজা বলেন, ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নে প্রচারণা চালিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তার ভাষায়, “নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। জনগণের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে অনেক ভোটের ব্যবধানে ধানের শীষ জয়ী হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে এবার ভোট নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
“মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার তারা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দেবে”- বলেন মোজাম্মেল হক মোজা।
সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, প্রত্যেক ইউনিয়নে দলীয় নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় ভোট চাইছেন এবং জনগণের সাড়া ইতিবাচক।
তাদের দাবি, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলে ধামরাই আসনে বিএনপি ভালো ফল করবে।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গাংগুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমান আলী, যুবদল নেতা খোকন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।