বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান আগে ব্যাট করতে নামে। গুলবাদিন নায়েবের ঝড়ো ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে আফগানরা। জিততে নিউ জিল্যান্ডকে করতে হবে ১৮৩ রান।
ব্যাট করতে নেমে ৪৪ রানেই ২ উইকেট হারালেও এরপর হাল ধরেন গুলবাদিন ও সেদিকুল্লাহ অটল। দলীয় ৩৫ রানের মাথায় ইব্রাহিম জাদরান ১০ রান করে ও ৪৪ রানের মাথায় রহমানুল্লাহ গুরবাজ ফিরেন ২৭ রান করে।
এরপর গুলবাদিন ও অটল তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত পাইয়ে দেন। এই রানে অটল ফিরেন ২ চারে ২৯ রান করে। তবে গুলবাদিন তুলে নেন ফিফটি। তিনি ৩৫ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৬৩ রান করে যান। এরপর ১ চার ও ১ ছক্কায় দারবিশ রাসুলির করা ২০, অজমতউল্লাহ ওমরজাইর করা ১৪ ও মোহাম্মদ নবীর অপরাজিত ১০ রানে ভর করে ১৮২ পর্যন্ত যায় আফগানরা।
বল হাতে নিউ জিল্যান্ডের লকি ফার্গুসন ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র নেন ১টি করে উইকেট।