ক্যাম্পাস

রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে গবেষণার নির্দেশ রুয়েট উপাচার্যের

রাষ্ট্র ও সমাজের চাহিদার ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করে রিসার্চগুলো হওয়া উচিত বলে মনে করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “রিসার্চগুলোর মাধ্যমে আমরা কোথায় যেতে চাই? এর মাধ্যমে আমরা কি লক্ষ্য অর্জন করতে চাই। টুলসের কোন ঘাটতি আছে কি না? আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের কোথায় নিয়ে যেতে চাই? আমাদের দেশের যে চাহিদা তা গবেষণার মাধ্যমে পুরণ হচ্ছে কি না? এসব বিষয় নির্ধারণ করতে হবে। গবেষণার স্থায়ীত্বকালের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।” 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুই দিনব্যাপী ‘প্রোগ্রেস সেমিনার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭১ জন গবেষক শিক্ষকেরা অংশ নিয়েছেন। সেমিনারের প্রথম দিনে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রকল্পগুলোর উপস্থাপনার মাধ্যমে সেমিনারটি শেষ হবে।