সারা বাংলা

অনশনে সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী সুমন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও সমান প্রতিযোগিতার সুযোগ না থাকার অভিযোগ তুলে প্রতিবাদী অনশনে বসেছেন সিলেট–১ আসনের সিপিবি প্রার্থী। নির্বাচনি আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ এনে তিনি এই কর্মসূচি শুরু করেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। অনশনস্থলে তিনি বলেন, বর্তমান নির্বাচনি পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

অনশনে বসে সিপিবি প্রার্থী অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেখিয়ে তার নির্বাচনি প্রচারণার বৈধ বিলবোর্ড অপসারণ করা হলেও একই ধরনের বা আরো গুরুতর অনিয়ম অন্য প্রার্থীদের ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে। তার দাবি, সিলেট মহানগরের অন্তত দুজন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ করে বিলবোর্ড স্থাপন করেছেন, যা প্রকাশ্য হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, নগরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ও ব্যানার ব্যবহার এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নীরব ভূমিকা পালন করছে।

মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এক প্রার্থীর ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আর অন্যদের ক্ষেত্রে তা উপেক্ষা করা হচ্ছে, এটি সরাসরি লেভেল প্লেয়িং ফিল্ডের পরিপন্থি।

সিপিবি প্রার্থী জানান, প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি এই প্রতিবাদী অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সবার জন্য সমান আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।