পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার শাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সেতুর লালুয়া অংশে দুর্ঘটনাটি ঘটে। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এ তথ্য জানান।
নিহত রাসেল কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে গুরুতর রঞ্জু ও রাকিবুল নামে দুই শ্রমিককে বরিশাল শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ১০-১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার শাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিড়ে শ্রমিকসহ শাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন করপোরেশন (সিসিইসিসি) নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়।