ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে জেলার ৮টি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা মোট কেন্দ্রের প্রায় ১৫.০৫ শতাংশ। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মোট ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৯০৩টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোট কক্ষ ৬ হাজার ৩৪১টি। এসব আসনে মোট ভোটার রয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন, পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে মধুপুরে ১৫ এবং ধনবাড়ী উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনে ভোট কক্ষ ৮৪০টি। মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে কেন্দ্র ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে গোপালপুরে ১৫টি এবং ভূঞাপুর উপজেলায় ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৮০০টি। মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৬০৬ জন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ১২২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৭১৩টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি দু্টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১১৪টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৬৮৪টি। মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৯১৭ জন।
টাঙ্গাইল-৫ (সদর) আসটি ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৯১০টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনটি ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দেলদুয়ার উপজেলায় ১৬টি এবং নাগরপুর উপজেলায় ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৮৮৪টি। মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৭২৬টি। মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১৩১টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে বাসাইল উপজেলায় ৫টি এবং সখীপুর উপজেলায় ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ ৭৮৪টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন।
পুলিশ সূত্রে জানা যায়, দূরবর্তী, যানবাহন আসা-যাওয়ার অসুবিধা, দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং প্রার্থীর বাড়ির সামনে কেন্দ্র বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলার আটটি আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আটজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।