চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাৎক্ষণিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় হেল্পলাইনটির অফিসে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জরুরি হেল্পলাইন নাম্বারটি হচ্ছে– ০৯১০-৮৮৯০০০।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, হেল্পলাইনের মাধ্যমে সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ধরনের সহায়তা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “এই হেল্পলাইন শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়ের সেবা ব্যবস্থাকে আরো গতিশীল করবে। সবাইকে সেবাটির যথাযথ ব্যবহার করতে হবে।”
চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, “দীর্ঘদিন ধরে জরুরি যোগাযোগ ব্যবস্থার অভাবে শিক্ষার্থীরা ভোগান্তিতে ছিলেন। নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়।”