যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ১১৯ তম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।
এছাড়াও, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম আর কোনোদিন নারী শিক্ষার্থীদের সুপারভাইজার হতে পারবেন না।
বেরোবি শিক্ষার্থী আলবীর বলেন, “দীর্ঘদিন ধরে কিছু শিক্ষক এই অন্যায় করে যাচ্ছে, অথচ প্রশাসনের দুর্বল অবস্থানের কারণে তারা বার বার পার পেয়ে যাচ্ছে। যৌন হয়রানির অভিযোগে মাত্র দুজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে—যা কোনোভাবেই ন্যায়বিচায় নয়।”
যৌন হয়রানি সেলের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ড.ইলিয়াস প্রামানিক জানান, দুজন শিক্ষককে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড.শাকিবুল ইসলাম মেয়েদের সুপারভাইস করতে পারবেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো:হারুন অর রশীদ বলেন, “কমিটি তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে।প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি আশা অবধি তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।”
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ৩১ পৃষ্ঠার স্বহস্তে লেখা অভিযোগপত্রে শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এছাড়া, অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেছেন।