বাগেরহাট-৪ (শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশি মোবাইল নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
কাজী খায়রুজ্জামান শিপন সাংবাদিকদের বলেছেন, “রবিবার বেলা ১১টা ৫ মিনিটে আমার মোবাইল নম্বরে +৯১৯৭৪৮৮৯৪৬২২ নম্বর থেকে কল দিয়ে বড় ক্ষয়-ক্ষতি করার এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরে ওই নম্বরে কল দিলে গালাগালিসহ আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর আগেও অজ্ঞাত ব্যক্তিরা অপরিচিত নম্বর থেকে আমাকে কয়েকবার হুমকি দিয়েছে। এ কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।”
মোরেলগঞ্জ থানায় জিডি করার সত্যতা নিশ্চিত করে তিনি বলেছেন, “জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।”
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেছেন, “প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। সাধারণ ডায়েরি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হবে। আদালত অনুমতি দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”