রপ্তানি নীতিমালা ২০২৪-২০২৭ অনুযায়ী কাঁচা পাটের রপ্তানি তালিকা থেকে ‘মেশিন প্রসেসড স্লাইভার (কাট স্লাইভার)/কাট’ পাটকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর পরিশিষ্ট-২ অনুযায়ী শর্তসাপেক্ষে কাঁচা পাটকে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছরের ২৬ জানুয়ারি জারি করা এক নতুন প্রজ্ঞাপনে জানায়, রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর আওতায় কাঁচা পাটের রপ্তানি তালিকা থেকে ‘মেশিন প্রসেসড স্লাইভার (কাট স্লাইভার)/কাট’ পাট অন্তর্ভুক্ত থাকবে না। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।