বিনোদন

অভিনেত্রীর অসংলগ্ন আচরণ, কটাক্ষের জবাবে নীরবতা ভাঙলেন সুধা

ভজনের আসরে ভারতীয় সিনেমার অভিনেত্রী ও নৃত্যশিল্পী সুধা চন্দ্রন। তাকে দুজন নারী ও একজন পুরুষ ধরে রেখেছেন। ভজনের তালে সুধা কখনো নাচছেন, কখনো হাসছেন, কখনো কামড়ে দেওয়ার চেষ্টা করছেন। তাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। 

গত মাসে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের চর্চায় মেতে উঠেন নেটিজেনরা। কেউ কেউ মন্তব্য করেন—“ঈশ্বরের নাম শুনে ভাবাবেগে ডুবেছেন সুধা।” কেউ জানতে চান, অভিনেত্রী কি অসুস্থ? আবার অনেকে মন্তব্য করেন মদ্যপ হয়ে এমন আচরণ করছেন সুধা। 

ঘটনাটি গত মাসের হলেও এ নিয়ে নীরব ছিলেন সুধা। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী। সুধা বলেন, “আমার ওইদিনের ঘটনা খুব সামান্য মনে আছে। আসলে ওইসময় নিজের মধ্যে ছিলাম না। আমি জানিও না ওইসময় কী কী করেছিলাম। ঈশ্বরের নাম শোনার সময় এমন ভাবাবেগ আসাটাই খুব স্বাভাবিক। আর আমার সঙ্গে সেটাই হয়েছে। আমি এটাকে আশীর্বাদ হিসেবেই দেখি। আমার এই নিয়ে কোনো কুণ্ঠা নেই।”  

প্রশ্ন ছুড়ে দিয়ে সুধা চন্দ্রন বলেন, “আমি এসব বিষয় বিশ্বাস করি। এবার এই ভাবাবেগের মাত্রা এত বেশি ছিল যে, আমি আমার মধ্যেই ছিলাম না। পরে শুনেছি, আমি নাকি ৬-৭ মিনিটের মধ্যে প্রায় ৪ লিটার জল পান করেছি। এইটুকু সময়ে এতটা জল খাওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব, যদি ভগবান না বিরাজ করেন?” 

সুধার ভিডিও দেখে নেটিজেনদের অনেকে কটাক্ষ করেছেন। এ বিষয়ে এই শিল্পী বলেন, “আমার ভিডিও দেখে একাধিক মানুষ মন্তব্য করেছেন আমি অসুস্থ কি না, অনেকেই আমাকে মদ্যপ বলে কটাক্ষ করেছেন। এই ধরনের মন্তব্য হেসে উড়িয়ে দেওয়া ছাড়া আর কিছু করার আছে বলে মনে হয় না। মানুষ যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে কিইবা করার আছে? কেউ বিশ্বাস না করলেও আমি কখনো আমার বিশ্বাসের জায়গা থেকে সরে আসতে পারি না।” 

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা সুধার। ভারতনাট্যমে পারদর্শি সুধা আশির দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে পা রাখেন। তেলেগু ভাষার ‘ময়ূরী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। অভিষেক চলচ্চিত্রের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 

এরপর দুই বছরের বিরতি নেন সুধা। ১৯৮৬ সালে ‘নাচে ময়ূরী’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ও হিন্দি ভাষার অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ভাষার অসংখ্য টিভি সিরিয়ালে অভিনয় করেও প্রশংসা কুড়ান। ষাটের সুধা নাচ-অভিনয়ে এখনো সরব।