অর্থনীতি

স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়ল ৫৫ হাজার টাকা

আন্তর্জাতিক বাজারের প্রভাবে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫৮ হাজার টাকা। স্বর্ণের বাজারের প্রভাব এবার পড়েছে স্মারক স্বর্ণ মুদ্রাতেও। 

বাংলাদেশ ব্যাংক প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম ৫৫ হাজার টাকা বাড়িয়েছে। প্রতিটি স্মারক মুদ্রার দাম নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এতদিন এই মুদ্রার দাম ছিল ১ লাখ ৮৫ হাজার টাকা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম রবিবার থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং দেশের বাজারে স্বর্ণের উচ্চমূল্যের সঙ্গে সমন্বয় করতেই স্মারক স্বর্ণ মুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরী করা ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) বিক্রি হ‌বে ২ লাখ ৪০ হাজার হাজার টাকায়। শুধু তাই নয়, রৌপ্য মুদ্রা স্মারকের দামও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার টাকা। এতদিন এসব রৌপ্য মুদ্রা স্মারকের দাম ছিল ১৪ হাজার টাকা।