আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৩৭টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে পুলিশ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঢাকা মহানগরীতে অতি ঝুঁকিপূর্ণ ৩৭টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে এসব কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য সার্বক্ষণিক বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
তিনি বলেন, “সিটিতে দুই ধরনের কেন্দ্র থাকবে— 'গুরুত্বপূর্ণ' এবং 'সাধারণ'। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিভাগ করা হয়েছে, যেখানে ১৬১৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৫১৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কামরাঙ্গীরচর, সাতারকুল ও বেরাইদের মতো এলাকা, যেখানে যাতায়াত ব্যবস্থা কঠিন এবং রাস্তাঘাট সরু, সেখানে পুলিশের বিশেষ পরিকল্পনা রয়েছে। এই ধরনের এলাকায় মূল পরিকল্পনার বাইরে আরো ৩৭টি ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।”
নির্বাচনে কোনো থ্রেট নাই উল্লেখ করে তিনি বলেন, “পরিবেশ স্বাভাবিক সময়ের চেয়ে ভালো চলছে। ক্রাইম নাই, রাস্তা ব্লকিং নাই। ঢাকা শহরের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ বললেও এই বিশাল জনগোষ্ঠীর শহরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। গত ১৫ মাস ধরে তিনি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি এবং এই সময়ে পুলিশ কোনো বিশেষ দলের হয়ে কাজ করেনি। পুলিশের কাজের ধরণই প্রমাণ করে যে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না।”