যশোরের শর্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি জব্দ করেছে বিজিবি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এসব অস্ত্র ও গুলি জব্দ হয়।
বিজিবি জানায়, বেনাপোল বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেট সংলগ্ন সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ হয়। অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারে সফল হচ্ছে বিজিবি।
তিনি আরও জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।