ক্যাম্পাস

জাকসু নিয়ে নাহরিন ইসলামের বক্তব্য সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্যকে অসত্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান গণমাধ্যমে ‘জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছি’—এমন মন্তব্য করেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের পর্যালোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য হলো—জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অধ্যাপক নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয়।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচন চলাকালে কোনো প্রার্থীর পোলিং এজেন্ট কিংবা উপস্থিত শতাধিক গণমাধ্যমকর্মী এ ধরনের কোনো অভিযোগ উত্থাপন করেননি। তবে নির্বাচন-পরবর্তী সময়ে কিছু অভিযোগ পাওয়া গেলে সেগুলোর নিষ্পত্তির লক্ষ্যে উপাচার্য ও জাকসুর সভাপতি গঠনতন্ত্র অনুযায়ী একটি আপিল বোর্ড গঠন করেন। ওই বোর্ড উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণভাবে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অবহিত করে।

এতে বলা হয়, এর মাধ্যমে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমাণিত হয়েছে। পাশাপাশি অভিযোগ দায়েরের সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কোনো লিখিত অভিযোগ না দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান করেছেন, যা অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ও দুঃখজনক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে জানাচ্ছে যে, জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জাকসু নির্বাচন নিয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।”